কুর্দি বিদ্রোহী সংগঠন পিকেকে বলেছে, তুরস্কের বিরুদ্ধে লড়াইয়ের তীব্রতা আরো বৃদ্ধি করা হবে কারণ তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করা হচ্ছে। সংগঠনটির নেতা সেমিল বায়িক বলেছেন, তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তায়িপ এরদোগান যুদ্ধটা আরো সঙ্গিন করে তুলছেন।
বিবিসিকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, কুর্দিরা শেষ পর্যন্ত নিজেদের রক্ষা করার চেষ্টা অব্যাহত রাখবে। যতক্ষণ পর্যন্ত তুরস্কের মনোভাব এমন থাকবে, যুদ্ধের মাত্রাটা ততোই বৃদ্ধি পাবে। এদিকে এরদোগানের একজন সহকারী বিবিসিকে জানিয়েছেন, পিকেকের সঙ্গে কোনো ধরণের দর কষাকষিতে যাবে না তুরস্ক। এরদোগানের উপদেষ্টা লিনুর সেভিক বিবিসিকে বলেন, পিকেকে তুরস্কে একটি বিচ্ছিন্ন রাষ্ট্র তৈরি করার চেষ্টা করছে। এবং এই মুহূর্তে তাদের সঙ্গে আলোচনার কোনো সম্ভাবনা নেই।
তবে কুর্দি নেতা বায়িক বলেছেন, তারা তুরস্ক থেকে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করছেন না। তিনি বলেন, আমরা তুরস্ককে ভাগ করতে চাই না। আমরা তুরস্কের সীমান্তে নিজেদের ভূমিতে স্বাধীনভাবে চলাফেরা করতে চাই। যতক্ষণ পর্যন্ত কুর্দিদের জন্মগত অধিকারগুলো না দেয়া হবে লড়াই অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, তুরস্কের একগুঁয়েমির কারণে পিকেকে লড়াইয়ের তীব্রতা শুধু কুর্দিস্তানেই নয় পুরো তুরস্কে বৃদ্ধি করবে। বিবিসি।
