পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২২:০৯

ইত্তেফাক রিপোর্ট

মোহাম্মদপুরের বসিলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত ও আরেকজন আহত হয়েছেন। পুলিশের দাবি- হতাহতরা পেশাদার ছিনতাইকারী। আনুমানিক ৪০ বছর বয়সী নিহত ব্যক্তির পরিচয় উদ্ধারের চেষ্টা হচ্ছে জানিয়েছেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গনেশ গোপাল বিশ্বাস। ওসি বলেন, আহত আরেক ছিনতাইকারী হান্নানকে (৩৫) পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, ‘রবিবার ভোরে বসিলা গার্ডেন সিটির পাশে রাস্তার মোড়ে কিছু ছিনতাইকারী সিলভার রঙের এক্স করোলা প্রাইভেট কার নিয়ে অবস্থান করছিল। এমন খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হলে ছিনতাইকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে দু’জন আহত হয়।’ তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিত্সক একজনকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।