সড়ক দুর্ঘটনার মূল কারণ পথচারী :ডিএমপি কমিশনার

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২২:১০

বিশেষ প্রতিনিধি

ঢাকা মহানগর পুলিশ প্রধান (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেছেন, সড়ক দুর্ঘটনার মূল কারণ পথচারী। তিনি বলেন, ‘পথচারীরা কোনো আইন মানে না। ফুটওভার ব্রিজ, আন্ডারপাস, জেব্রা ক্রসিং থাকার পরও চলন্ত গাড়ির সামনে ঝাঁপ দেয়।’ গতকাল রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেল ক্রসিংয়ে ‘ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগরীর জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধকরণ এবং ট্রাফিক শৃঙ্খলার উন্নতিকল্পে পঞ্চম বারের মতো গতকাল ১৭ মার্চ থেকে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। চলবে ২৩ মার্চ পর্যন্ত।

ডিএমপি কমিশনার বলেন, ‘এমন কি রোড ডিভাইডারে যে কাঁটাতারের বেড়া আছে, বাচ্চা কোলে, ব্যাগ নিয়ে পথচারীরা সেখান দিয়েও রাস্তা পারাপার হয়। এতে দুর্ঘটনা ঘটে। আমরা পথচারী ভাইবোনদের অনুরোধ করবো, রাস্তা পারাপার হোন নিয়ম মেনে। ট্রাফিক পুলিশ আপনাদের সহায়তা দেবে। মোবাইলে কথা বলতে বলতে এয়ারফোন কানে দিয়েও পথচারীদের রাস্তা পার হতে দেখি। এসব বন্ধ করতে হবে।’ চালকদের উদ্দেশে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আমি চালক ভাইদের প্রতি অনুরোধ করছি আপনারা দ্রুত গতিতে গাড়ি চালাবেন না। ওভারটেক করে অহেতুক দুর্ঘটনার সৃষ্টি করবেন না। যত্রতত্র যাত্রী উঠিয়ে ও পাল্লা দিয়ে গাড়ি চালিয়ে অহেতুক প্রাণ কেড়ে নেবেন না। মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালানো ফৌজদারি অপরাধ। এটি কোনো চালক করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’