ফেনীর সোনাগাজী উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগের এক কর্মী নিহত হয়েছেন। এ সময় সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছে।
সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ইব্রাহীমসহ তিনজনকে আটক করেছে। নিহত কামরুল হাসান রকি সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের প্রবাসী নূর নবীর ছেলে।
পুলিশ, হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোনাগাজীতে রকির সঙ্গে সুলাখালী বাজারের ইয়াছিন, সাইফুল ও মাঈন উদ্দিনসহ কয়েকজনের পূর্ব বিরোধ ছিল। সোমবার সকালে রকি তার কয়েকজন সঙ্গীসহ সুলাখালী গ্রামে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ওই ছাত্রলীগ কর্মী নিহত হন। এবং পাঁচজন আহত হন। আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সংঘর্ষের সময় একটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
