ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নওপাড়া গ্রামে আওয়ামী লীগ সমর্থক দুই দল গ্রামবাসির সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ ২১ রাউন্ড শর্টগানের গুলিবর্ষণ ও ৬ রাউন্ড কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে। সোমবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
শৈলকুপা থানার ওসি মহিবুল ইসলাম জানান, এ গ্রামে ইউপি মেম্বর ওসমান গনি রতনের একটি দল রয়েছে। তার প্রতিপক্ষ দলের নেতৃত্ব দেন মোক্তার হোসেন। তারা দু জন এবার মেম্বর পদ প্রার্থী। দল ভাঙ্গা গোছনো নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে দুপুর একটার দিকে দু পক্ষ ঢাল, শরকি, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।্ তারা ২১ রাউন্ড শর্টগানের গুলি ও ৬ রাউন্ড কাঁদানের গ্যাসের সেল ছুঁড়ে উভয় পক্ষকে ছত্র ভঙ্গ করে দেয়।
আহত ১২ জনকে শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে দু জন শর্টগানের গুলিতে আহত। অন্যারা প্রাথমিক চিকিত্সা নেয়। পুলিশ ৬ জনকে আটক করেছে।
একই উপজেলার রানীনগর গ্রামে দু দল গ্রামবাসির মধ্যে অপর এক সংঘর্ষে এক পুলিশসহ ৫ জন আহত হয়েছে। তাদের শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
