সারাদেশে মুক্তমনা বিশিষ্টজনরা গুম ও হত্যার হুমকিতে আছেন। অনেকেই এর মধ্যে গুম ও হত্যার শিকার হয়েছেন। এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব এন. এম. রবিউল আউয়াল চৌধুরী দীর্ঘদিন ধরে গুম ও হত্যার হুমকির শিকার হচ্ছেন। মুঠোফোনের মাধ্যমে তাকে এ হুমকি প্রদান করা হচ্ছে। একই সাথে তার মা-বোনসহ আত্মীয় স্বজনদেরকেও মুঠোফোনে তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। ঐ শিক্ষক হুমকির বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেন।
রবিবার আউয়াল চৌধুরী ফেসবুকে স্ট্যাটাসে জানান, একটি নাম্বার (০১৭৪৩৭৭০৭০৫) থেকে গত তিন চার মাস ধরে তাকে ফোন করে ২ কোটি টাকা দাবি করা হচ্ছে। সেই সাথে টাকা না দিলে হত্যার হুমকি দেয়া হচ্ছে নম্বরটি থেকে। এখনও প্রায় প্রতিদিন তার মাকে ফোন করে তাকে অপহরণ, গুম ও খুন করার কথা বলা হচ্ছে নির্বিকারে। তার কোন শত্রু নেই, কোটি টাকাও নেই তবে কেন এরকম হবে? কেন বিনা কারণে খুন করতে চায়?
ঐ স্ট্যাটাসে তিনি আরো লেখেন, এখন তার মনে একটা অস্বস্ত্বি তৈরি হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এফ এম রেজাউল করিম সিদ্দিকী খুন হলেন এরকম বিনা কারণেই। এত দিন হত্যার পিছনে ছিল ধর্ম ও রাজনৈতিক সংশ্লিষ্টতা তবে কি এখন সাংস্কৃতিক চর্চাকেও যুক্ত করা হল? যারা নিজ সাংস্কৃতির চর্চাতে বিশ্বাসী, যারা সমাজ ও সংস্কৃতির বোধকে নিজের ভেতর লালন করেন এখন থেকে কি সেই বোধকে লালনের পাশাপাশি নিজেকে হত্যা ও খুনের সম্ভাবনা কেউ সাথে নিয়ে চলবেন?
জনাব চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে জানান, অতি শিগগিরই তিনি এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা নেবেন।
