বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৪ জন নিহত

আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১২:০৭
 
সুনামগঞ্জের ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার মধ্যনগর থানার রামদিঘা গ্রামে এই ঘটনা ঘটে।
 
তারা হলেন- রঞ্জিত সরকার (৪৫), তার স্ত্রী রিতা সরকার (৩৫), মেয়ে সোনালী সরকার (১০) ও বাবা জগদীশ সরকার (৭০)।
 
স্থানীয়রা জানান, সকালে রামদিঘা গ্রামের জগদীশ সরকারের বাড়ির উঠানে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এ সময় জগদীশের ছেলে রঞ্জিত সরকার উঠানে গেলে বিদ্যুত্স্পৃষ্ট হন। তাকে বাঁচাতে এগিয়ে যান স্ত্রী রিতা সরকার। তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এসময় তাদের বাঁচাতে গিয়ে জগদীশ সরকারও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। বাবা-মা ও দাদার এ অবস্থা দেখে সোনালী দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। একে একে ঘটনাস্থলে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়।
 
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুণ অর রশীদ জানান, বিদ্যুত্স্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।