পিরোজপুরে স্ত্রীকে গলা টিপে হত্যা

আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৬:৩৩
 
জেলার সদর উপজেলার জুজখোলা মিরুয়া গ্রামে স্বামী স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শিকদার মল্লিক ইউনিয়নের মিরুয়া গ্রামের নিজ বাড়ি থেকে অনিমা নামে ওই গৃহবধূকে স্থানীয় গ্রাম পুলিশ ও প্রতিবেশীরা উদ্ধার করে সদর হাসপতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
 
মৃত অনিমা মিরবর (২৮) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার শৌলখালী গ্রামের অনন্ত বাছাড়ের মেয়ে। অনিমার সাত বছরের এক ছেলে সন্তান রয়েছে। ১০ বছর আগে পিরোজপুর সদর উপজেলার জুজখোলা মিরুয়া গ্রামের উপেন মিরবরের ছেলে উত্তম মীরবরের সাথে অনিমার বিয়ে হয়। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, অনিমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
 
পিরোজপুর সদর হাসপতালের মেডিকেল অফিসার ডা. ননী গোপাল রায় জানান, মৃতের গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মৃতের শ্বাশুড়ী কল্পনা মিরবরকে আটক করেছে।
 
এলাকার গ্রাম পুলিশ শহিদুল ইসলাম দুলাল জানান, আমি ইউনিয়ন পরিষদে ছিলাম। স্থানীয়দের দেয়া খবর পেয়ে আমি পুলিশ বিষয়টি জানিয়ে ঘরের ভিতর থেকে লাশ উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসি। এ সময় মৃতের শ্বশুর বাড়ির লোকজন কেউ ছিলেন না।
 
মৃতের বাবা অনন্ত বাছাড় জানান, ১০ বছর আগে উত্তম মিরবরের সাথে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নানাভাবে চাপ দিতে থাকে এবং বিভিন্ন সময় নির্যাতন চালানো হত। যৌতুক হিসেবে নগদ অর্থও দেয়া হয়। তারপরও তাকে যৌতুকের জন্য হত্যা করা হল। পিরোজপুর সদর থানার এস আই বিপ্লব জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।