ইভটিজিংয়ে বাধা দেয়ায় দুই ভাইকে ছুরিকাঘাত, নিহত ১

আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৭:০৩
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পল্লিতে ইভটিজিংয়ে বাধা দেয়ায় দুই সহোদরকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় মজিবর রহমান (৬৫) নিহত এবং ছোটভাই মিজানুর রহমান (৬২) আহত হয়েছেন।
 
মঙ্গলবার দুপুরে নিহতের ছেলে হাফিজ বাদী হয়ে এ ঘটনায় মামলা করেছেন। সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ফকিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। 
 
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সোমবার রাতে ফকিরাবাদ জামে মসজিদে নামাজ আদায় শেষে দুই সহোদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক  মজিবর রহমান এবং মিজানুর রহমান বাড়িতে ফিরছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে মজিবর এবং তার ছোট ভাই মিজানুরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে মজিবর ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত মিজানুরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
 
এদিকে ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করেছে।
 
জানা গেছে, নিহত মজিবর ও আহত মিজানুর রহমানের সপ্তম শ্রেণীতে পড়ুয়া নাতনীকে স্থানীয় বখাটেরা বেশ কিছুদিন ধরে উত্যক্ত করে আসছিল। এতে বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে বখাটেরা এ কাণ্ড ঘটিয়েছে।
 
ভেড়ামারা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন খন্দকার জানান, যেকোনো মূল্যে ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।