রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিমনা শিক্ষক অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী মুকুল হত্যাকাণ্ডের ঘটনাকে স্বরাষ্ট্রমন্ত্রী বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে যশোরের প্রগতিশীল সমাজ।
মঙ্গলবার বিকেলে শহরের চিত্রা মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদী মানববন্ধন থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে বক্তারা বলেছেন, ‘একের পর এক হত্যা, নববর্ষের অনুষ্ঠান বন্ধ করে দেয়ার ঘটনা প্রমাণ করে সমাজ-সংস্কৃতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বিচ্ছিন্ন হয়ে গেছেন।’
বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও মহিলা পরিষদ, যশোর যৌথভাবে এ কর্মসূচি পালন করে। এতে বাংলাদেশ ওয়াকার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ইকবাল কবীর জাহিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য সুকুমার দাস, জেলা সভাপতি ডিএম শাহিদুজ্জামান, সম্পাদক সানোয়ার আলম খান, সাবেক সভাপতি হারুন অর রশীদ, শিক্ষক সমিতির জেলা সম্পাদক গাজী গোলাম মোস্তফা ও মহিলা পরিষদের জেলা সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য প্রমুখ বক্তব্য রাখেন।
