বগুড়ার শিবগঞ্জে আলোচিত শিয়া মসজিদে হামলার ঘটনায় ব্যবহৃত আমেরিকায় তৈরি একে-২২ বোর রাইফেল, বিদেশি পিস্তল, গুলি, ম্যাগজিনসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর ইসাবা সদস্য আব্দুল মোমিনকে (২৫) পুলিশ গ্রেফতার করেছে।
তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার কামারপাড়া গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রাস্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র।
বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, শাজাহানপুরে আব্দুল মোমিনের বাড়িতে জেএমবি সদস্যদের মিলিত হওয়ার গোপন সংবাদ পেয়ে বুধবার ভোর সাড়ে ৩টায় গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় সদস্য আব্দুল মোমিনকে গ্রেফতার করে।
এ সময় বাড়ি তল্লাশি করে আমেরিকায় তৈরি একটি একে-২২ বোর রাইফেল, রাইফেলের ৩টি ম্যাগজিন, ২৮ রাউন্ড তাজা গুলি, একটি বিদেশি পিস্তল, পিস্তলের একটি ম্যাগজিন ও ২৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে জরুরি প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃত মোমিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তার কাছ থেকে উদ্ধার হওয়া অত্যাধুনিক রাইফেলটি শিবগঞ্জে শিয়া মসজিদে হামলায় ব্যবহার হয়েছিল। ওই হামলায় অংশ নেয়া জেএমবি সদস্যরা তার বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন বলেও তিনি পুলিশকে জানিয়েছেন।
তবে, তিনি নিজে ওই হামলায় অংশ নিয়েছিলেন কি না তা এখনো স্বীকার করেননি। আরও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতারকৃত আব্দুল মোমিনের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।
উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর মাগরিব নামাজের সময় বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর বাজারে শিয়া মসজিদে হামলার ঘটনায় ওই মসজিদের মুয়াজ্জিন নিহত ও ২জন মুসল্লি গুলিবিদ্ধ হয়।
