রংপুরের মিঠাপুকুরে বজ্রপাতে ২ কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় জমিতে রবি শস্যের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
এলাকাবাসী সূত্রে, কাফ্রিখাল ইউনিয়নের মুরাদদর্প নারায়নপুর গ্রামে বর্গাচাষী সিরাজুল ইসলামের একটি শশা ক্ষেতে কাজ করছিলেন কয়েকজন কৃষি শ্রমিক। সন্ধ্যায় হঠাত্ সেখানে বজ্রপাত হয়। এতে, কৃষি শ্রমিক মোজাম্মেল হোসেন (৬৫) ও জাবেদ আলী (৬৩) বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। আহত হয়েছেন বর্গাচাষী সিরাজুল ইসলাম (৪৫), তাঁর স্ত্রী মাহমুদা বেগম মুন্নী (৩৫), কৃষি শ্রমিক আমজাদ মন্ডল (৪৫) ও সুজন মন্ডল (২৮)। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের সবার বাড়ি কাফ্রিখাল গ্রামে।
