চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা যুবদলের নেতা ও সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন (৪২) ওরফে ময়েনকে আটক করেছে র্যাব। র্যাব-৬ ঝিনাইদহের একটি টিম বুধবার রাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের ভাড়া বাসা থেকে তাকে আটক করে। এ সময় তার ফ্লাট হতে ১১০ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল তৈরির উপকরণ জব্দ করা হয়েছে বলে র্যাব দাবি করেছে।
চেয়ারম্যান ময়েন আসন্ন সংসদ সদস্য নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি হতে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন বলে জানা গেছে। নাশকতার মামলায় গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘ দিন ধরে আত্মগোপন করে ছিলেন বলে জানা যায়।
র্যাব-৬ ঝিনাইদহের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আক্তার বৃহস্পতিবার বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানিয়েছেন, নকল ফেনসিডিল তৈরি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ শহরের ট্রাক স্ট্যান্ড সংলগ্ন ইলিয়াস হোসেনের বাড়ির তৃতীয় তলায় অভিযান পরিচালনা করা হয়। রাত ১১টার দিকে পরিচালিত ঐ অভিযানকালে ফ্লাট হতে ১১০ বোতল ফেনসিডিল, ১১৭ পিছ ফেনসিডিলের খালি বোতল, ২৩৫টি বোতলের মুখের কর্ক, ১১ কেজি ৯০০ গ্রাম তরল ফেনসিডিল ও সাদা রঙের ফিটকিরি উদ্ধারসহ ময়েনকে আটক করা হয়।
আটককৃত ইউপি চেয়ারম্যান ময়েন জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের ইন্তাজ আলীর ছেলে। তার বিরুদ্ধে জীবননগর থানায় নাশকতার মামলা রয়েছে। গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে কালীগঞ্জে আত্মগোপন করে ছিলেন বলে জানা গেছে। মঙ্গলবার হাইকোর্ট থেকে তিনি জামিন নেন বলে জানা যায়। জামিন নিয়ে বাড়ি না ফিরে তিনি কালীগঞ্জের ওই ভাড়া বাসায় ওঠেন। তার বিরুদ্ধে জীবননগর ও মহেশপুর থানায় হাফ ডজনের বেশী মাদক মামলা রয়েছে বলে জানানো হয়েছে। আটককৃত ময়েনের বিরুদ্ধে মাদক মামলা দায়েরসহ তাকে কালীগঞ্জ থানাতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে র্যাব সূত্রে জানা গেছে।
ইত্তেফাক/নূহু
