সাভারের শাহীবাগ-দেওগাঁ সড়কের বেহাল দশা

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২৩:৪৮

সাভার পৌরসভাধীন বাজার বাসস্ট্যান্ডের নিউ মার্কেট সংলগ্ন শাহীবাগ-চাপাইন-দেওগাঁ সড়কটির বর্তমানে অত্যন্ত বেহাল অবস্থা। দীর্ঘ ৬-৭ বছর ধরে এ ভাঙা সড়ক দিয়েই এলাকার মানুষ চলাচল করতে বাধ্য হচ্ছে। সড়কটি মেরামতের জন্য একাধিকবার পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কজুড়েই বড় বড় গর্ত হয়ে পানি জমে আছে। সর্বশেষ এক যুগ আগে সংস্কার করা এ সড়কটিতে ইট পাথরের কোনো অস্তিত্বই নেই। রাস্তার পাশের ড্রেন ভেঙে গেছে। একটু বৃষ্টি হলেই পানি জমে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ড্রেনের ময়লা পানি রাস্তায় উপচে উঠে একাকার হয়ে যায়। এ অবস্থায় ময়লা পানি ডিঙ্গিয়েই অনেক কষ্টে পথচারী ও এলাকাবাসীকে চলাচল করতে হচ্ছে। 

এ সড়ক দিয়ে ওই এলাকার ১০-১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ হাজারের বেশি শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে থাকে। এ ছাড়া রাস্তাটি শাহীবাগ-চাপাইন-দেওগাঁসহ ৩-৪টি গ্রামের মানুষের যাতায়াতের প্রধান পথ। এলাকার বাসিন্দা মোহাম্মাদ আতাহার ক্ষোভ প্রকাশ করে বলেন, অজানা কারণে এ গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের ব্যাপারে পৌর কর্তৃপক্ষ উদাসীন।