জাবির হল থেকে নবজাতক উদ্ধার হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২৩:৪৯

গতকাল রবিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের ৪২৬নং কক্ষের ট্রাঙ্কের তালা ভেঙে এক নবজাতককে উদ্ধার করে হল প্রশাসন। পরে হাসপাতালে নেয়ার ছয় ঘণ্টা পর শিশুটির মৃত্যু হয়। গতকাল হলের প্রভোস্ট অধ্যাপক মুজিবুর রহমান এসব তথ্য জানান। নবজাতকের মা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৪৬তম ব্যাচের আবাসিক ছাত্রী বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুর আড়াইটার দিকে নবজাতকের মা বাচ্চা প্রসব করে ট্রাঙ্কে তালাবন্দি করে রাখে। পরে ওই রুমের আরেক ছাত্রী গোসল করে রুমে এসে মেঝেতে রক্ত পড়ে থাকতে দেখে পাশের রুমের ছাত্রী ও হল প্রশাসনকে বিষয়টি জানান। পরে চিকিত্সা কেন্দ্রের নার্স এসে ওই ছাত্রীকে এনাম মেডিক্যালে নিতে বললে তাকে সেখানে নেয়া হয়। সেসময় ওই কক্ষ থেকে নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পান শিক্ষার্থীরা। খোঁজাখুঁজি করে ট্রাঙ্কের তালা ভেঙে নবজাতককে উদ্ধার করে হল প্রশাসন। পরে বিশ্ববিদ্যালয়ের চিকিত্সা কেন্দ্রে নিয়ে যায়। বাচ্চাকে প্রাথমিক চিকিত্সা প্রদান করে সাভারের এনাম মেডিক্যালে পাঠানো হয়। পরে রাত পৌনে দশটার দিকে বাচ্চাটি মারা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মুজিবর রহমান বলেন, ‘তথ্য গোপন করে মেয়েটি অপরাধ করেছে। এই ঘটনায় তদন্তের জন্য হলের সহকারী আবাসিক শিক্ষক লাবিবা খাতুন তানিয়াকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে আসলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মুন্সীগঞ্জে ব্যাগ থেকে নবজাতকের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া কোদাল ধোয়া এলাকার রাস্তার পাশ থেকে গতকাল রবিবার এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বাচ্চাটি মার্তৃগর্ভে ৮ মাস থাকার পরেই অসম্পূর্ণ অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আমিনুল ইসলাম জানান, নবজাতকটি ছেলে শিশু। ধারণা করা হচ্ছে শনিবার বাচ্চাটি ভূমিষ্ঠ হয়েছে। বাচ্চাটির লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।