প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, পাকিস্তানিরা এখন বাংলাদেশের মতো উন্নত দেশ হতে চায়। এক সময় তারা বলতো দেশ ভাগ হলো ঠিকই কিন্তু টিকবে না। বর্তমান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন পাকিস্তানকে সুইডেনের মতো বানাতে চান। তার উত্তরে ওই দেশের এক রাজনীতিক বলেছেন সুইডেন না পাকিস্তানকে বাংলাদেশের মতো করে উন্নত বানিয়ে দেখান। সালমান রহমান বলেন, বঙ্গবন্ধু অনেক কষ্ট করেছেন, জেল খেটেছেন। শুধু সোনার বাংলাদেশ গড়ার জন্য। জননেত্রী শেখ হাসিনা তার বাবার স্বপ্নকে বুকে লালন করে বাস্তবে রূপ দিতে অক্লান্ত পরিশ্রম করার ফলেই দেশ আজ উন্নত হয়েছে।
রবিবার দুপুরে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান এ সব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন। এর আগে সকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা উপজেলা প্রশাসনের আয়োজনে নবাবগঞ্জ বিয়াম ল্যাবরেটরী স্কুলের মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের সাথে নিয়ে কেক কাটেন ও শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। পরে নবাবগঞ্জ থানা প্রশাসন কার্যালয়ে তাকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। পরে তিনি সেখানে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেন।
