রাজধানীর খিলগাঁও এলাকার নন্দিপাড়া থেকে ময়না বেগম (২৩) নামে একজন গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের লোকজন জানিয়েছে। তবে ওই গৃহবধূর লাশ সিএনজিতে করে বড় ভাইয়ের বাসায় রেখে পালিয়ে গেছেন স্বামী মনির হোসেন। ফলে মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
মনির হোসেনের ভাই হেমায়েত হোসেন জানান, গতকাল রবিবার বিকেল ৪টার দিকে একটি সিএনজিতে করে মনির তার স্ত্রীকে অচেতন অবস্থায় তাদের খিলগাঁওয়ের ২৭০/২/এ সিপাহীবাগের বাসায় নিয়ে আসে। সেখানে রেখে এ্যাম্বুলেন্স আনার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর সে আর ফিরে আসেনি। দ্রুত তারা ময়না বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
