নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নিবার্চনকে কেন্দ্র করে নৈহাটি বাজারে নৌকার প্রার্থী ছায়েদুর রহমানের সমর্থক, আওয়ামী লীগের বিদ্রোহী ও বর্তমানে স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে আমিনুল ইমসলামসহ ৬ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে আমিনুল ইমলামের তিনটি মোটরসাইকেলে অগ্নি সংযোগ করে পুড়িয়ে দেবার অভিযোগ পাওয়া গেছে। এরপর কে বা করা বিএনপি অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে। তবে গত মঙ্গলবার দিবাগত রাতে নৈহাটি বাজারে নৌকার প্রার্থীর নির্বাচনী অফিসে অগ্নি সংযোগের ঘটনার জের ধরে বৃহস্পতিবারে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে আমিনুল ইসলামও তার সমর্থকরা বেশ কিছু মোটরসাইকেল যোগে প্রচারে নামলে নৌকার প্রার্থীর সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। হামলার সময় কয়েকটি মোটরসাইকেল নিয়ে সমর্থকরা চলে যেতে পারলেও তিনটি মোটরসাইকেল আটকিয়ে আগুন দেয়া হয়। সমর্থকদের মারধর করা হয়। এ সময় নৌকার বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম, শহীদ, শামীম এবং জালালসহ ৬ জন আহত হন।
এদিকে এই ঘটনার পরপরই ঘটনা ভিন্ন খাতে নেবার জন্য এক পক্ষ বিএনপি অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে বলে জানা গেছে। এখানে বিএনপির প্রার্থী হচ্ছেন আব্দুল কদ্দুছ।
হামলার ব্যাপারে উভয় প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ হামলার জন্য একে অপরকে দোষারোপ করেছে।
থানার ওসি জানান, কোনো পক্ষই থানায় মামলা করেনি। তবে ঘটনাস্থলে পুলিশ প্রহরার ব্যবস্থা নেয়া হয়েছে।
