জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা এইচএম এরশাদ আবারও ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। শুক্রবার রাত ১২টার দিকে বেশি অসুস্থ বোধ করলে তিনি বারিধারার বাসা থেকে সরাসরি হাসপাতালে গিয়ে ভর্তি হন। গতকাল রবিবার বিকালে বাসায় আসেন, কয়েক ঘণ্টা বাসায় থেকে ফের সিএমএইচে চলে যান।
জানা গেছে, চিকিত্সা নিয়ে গত ৪ ফেব্রুয়ারি সিঙ্গাপুর থেকে ফেরার পর মোটামুটি সুস্থ ছিলেন এরশাদ। তবে অন্যের সাহায্য ছাড়া তিনি নিজে হাঁটাচলা করতে পারেন না, হুইল চেয়ারে চলাফেরা করেন। শারীরিক দুর্বলতার কারণে দু’তিন দিন পরপরই স্যালাইন নেওয়ার জন্য তিনি সিএমএইচে যান। রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতার কারণেও তাকে প্রায়ই হাসপাতালে গিয়ে রক্ত নিতে হচ্ছে। উল্লেখ্য, আগামী ২০ মার্চ এরশাদের ৯০তম জন্মদিন। এ উপলক্ষে ওইদিন রাজধানীর গুলশানে ইমান্যুয়েলস কনভেনশন সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করছে এরশাদের জন্মদিন উদযাপনে গঠিত কমিটি।
