ফেসবুকে আপত্তিকর মন্তব্য: মেডিকেল কলেজ ছাত্র গ্রেফতার

আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ১৬:৫৯
ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় নাটোরে খন্দকার মহিন নামে মেডিকেল কলেজের এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
 
শুক্রবার ভোরে সদর উপজেলার শেখেরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মহিন একই এলাকার গোলাম মোস্তফার ছেলে। তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্জারি ও মেডিসিন বিভাগের ছাত্র।
 
এলাকাবাসী জানায়, ২০১৫ সালে নাটোর সদর উপজেলার শেখেরহাট এলাকায় শেখের হাটে একটি মসজিদ স্থাপন করা হয়। মসজিদের প্রবেশ পথে মসজিদ নির্মাণের ফলকে আর্থিক সহায়তা দানকারীর নাম দেয়া হয়। নামফলকটি নিয়ে একই এলাকার আব্দুল মান্নান ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য প্রকাশ করে। সেই মন্তব্যে ওই এলাকার মহিন উস্কানিমূলক আরেকটি মন্তব্য করে। ঘটনটি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে এ ব্যাপারে নাটোর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সুরুজ দুইজনকে অভিযুক্ত করে তথ্য প্রযুক্তি আইনে মামলা করে। ওই মামলায় শুক্রবার ভোর রাতে পুলিশ মহিনকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
 
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নজরুল ইসলাম জুয়েল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।