মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, 'সনাতন ধর্মাবলম্বীদের কুসংস্কার পরিত্যাগ করতে হবে। সনাতন ধর্মাবলম্বীরা অন্য কোন ধর্মকে আঘাত করে না। হিন্দু ধর্ম মানবতার জয়গান গায়। এ ধর্ম সবাইকে বুকে টেনে নেয়।'
বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শুক্রবার জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির ত্রৈবার্ষিক কেন্দ্রীয় সম্মেলনের প্রথম পর্বের উদ্বোাধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্মেলন উদ্বোধন করেন পরিব্রাজক হৃষিকেশ হিমালয়ের বৈশাল আশ্রমের স্বামী স্বরূপানন্দ। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপদেষ্টা ধীরাজ কুমার নাথ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন সিকদার, সংসদ সদস্য পংকজ নাথ ও আ্যডভোকেট সুব্রত চৌধুরী।
এ সময় প্রতিমন্ত্রী নারায়ণ বলেন, 'বঙ্গবন্ধুর হত্যার পর কট্টর মৌলবাদী দলগুলোকে ঐক্যবদ্ধ করে দেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করা হয়েছিল। সেসময় মুসলিম লীগ ও জামায়াতকে পুনর্বাসিত করা হয়েছে।'
হিন্দু ধর্মালম্বীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, 'দেশে হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা হ্রাস পেয়েছে। ৮ ভাগে নেমে এসেছে। কেন এমন হচ্ছে তা ভাবতে হবে। আমাদের হতাশ হতে হয়।'
