ভারত এবং পাকিস্তান একে অপরের দিকে ক্ষেপনাস্ত্র ছোঁড়ার হুমকি দিয়েছিল। ভারতের পাইলট অভিনন্দন বর্তমান পাকিস্তানে আটক থাকার সময় এই হুমকির ঘটনা ঘটেছিল বলে জানা গেছে। অভিনন্দন বর্তমানের চোখ এবং হাত বাঁধা ছবি দেখার পরই যুদ্ধের হুংকার ছেড়েছিল ভারত। মিগ-২১ বনাম এফ-১৬ যুদ্ধবিমানের ডগফাইটের পর সরাসরি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। ছয়টি মিসাইল পাকিস্তানের অভ্যন্তরে তাক করে রেখেছিল নয়াদিল্লি। পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল ইসলামাবাদও। নয়াদিল্লি, ইসলামাবাদ এবং ওয়াশিংটনের একাধিক সূত্র অনুযায়ী বার্তা সংস্থা রয়টার্সের দাবি, ওই সময় দু’দেশের সম্পর্ক এতটাই উত্তপ্ত ছিল যে, মার্কিন কূটনৈতিক হস্তক্ষেপ না হলে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ লেগেই যেত।
