কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৯:২২
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে ইকবাল আজিম নামে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (বিজিডিসিএল) এর এক অফিস সহকারী নিহত হয়েছেন।
 
শনিবার বিকাল পৌনে চারটার দিকে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাবুর্চি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি জেলার আদর্শ সদর উপজেলার পাথুরিয়া পাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
 
জানা গেছে, বিকেল পৌনে চারটার দিকে ইকবাল আজিম (৬০) প্রাইভেটকারে করে কুমিল্লা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ওই মহাসড়কের বাবুর্চি বাজার এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে খাদে পড়ে যায়। এতে ইকবাল আজিম ও চালক শহিদুল ইসলাম আহত হন। এ সময় স্থানীয়রা গুরুতর আহত ইকবাল আজিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
হাইওয়ে মিয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো. শফিকুল ইসলাম জানান, সন্ধ্যায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাইভেটকারটি জব্দ করে ফাঁড়িতে নেয়া হয়েছে।