দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে তিন পয়সা কমানোর সুপারিশ করেছে ‘দূরপাল্লা যাত্রীবাহী পরিবহন ভাড়া নির্ধারণ সুপারিশ প্রনয়ন কমিট’। এ ভাড়া নির্ধারণ করবে পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
সোমবার রাজধানীর এলেন বাড়িতে বিআরটিএর প্রধান কার্যালয় বিআরটিএ আয়োজিত এক বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিআরটিএর চেয়ারম্যান নজরুল ইসলাম।
বৈঠকে বিআরটিএর ভাড়া বিশ্লেষণ কমিটির সদস্য, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, মালিক সমিতি এবং স্টেক হোল্ডাররা অংশ নেন।
৩ পয়সা করে হিসাবে কমবে ঢাকা-সিলেট রুটে ৭ টাকা, ঢাকা-রাজশাহী রুটে ৬ টাকা, ঢাকা-রংপুর রুটে ১২ টাকা। ঢাকা-চট্টগ্রাম রুটে ভাড়া কমবে ৭ টাকা, ঢাকা-কক্সবাজার ও ঢাকা-বান্দরবান রুটে সর্বোচ্চ ১৪ টাকা ভাড়া কমবে। ঢাকা-ঠাকুরগাঁও রুটে ভাড়া কমবে ১৩ টাকা।
বিআরটিএর চেয়ারম্যান জানান, এই সুপারিশ বাস্তবায়ন করবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। মালিক পক্ষ কিলোমিটার প্রতি ২ পয়সা ভাড়া কমানোর উপর নানা যুক্তি উপস্থাপন করেছে। কিন্তু ভাড়া প্রনয়ন কমিটি সুপারিশ করেছে ৩ পয়সা হিসেবে।
সভায় অংশগ্রহণকারী বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, আমরা ভাড়া কমানোর পক্ষে। তবে শুধু জ্বালানি তেলের দাম কমার কারণে বাস ভাড়া কমালে আমরা লোকসানের মুখে পড়বো। কারণ ভাড়া কমানোর সঙ্গে যন্ত্রাংশের দাম, ভ্যাটসহ আরো ২১ বিষয় জড়িত, যেগুলোর দাম কমেনি। তিনি আরও বলেন, তার পরও আমরা বলেছি, ৩ পয়সা নয়, ২ পয়সার কমানো হোক। ৩ পয়সা হলে আমরা ব্যপক ক্ষতির সম্মুখীন হবো।
বিআরটিএ সূত্র জানায়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সর্বশেষ ২০১৩ সালের জানুয়ারিতে দূরপাল্লার রুটে ভাড়া বাড়ানো হয়। সে সময় কিলোমিটার প্রতি ভাড়া নির্ধারণ করা হয় ১ টাকা ৪৫ পয়সা করা হয়।
গত ২৪ এপ্রিল কমানো হয়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম। এর পর থেকে দূরপাল্লা রুটে ভাড়া কমানোর নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। তবে ডিজেলের দাম মাত্র ৩ টাকা কমানোয় ভাড়ায় খুব একটা প্রভাব পড়বে না।
২০০৮ ও ২০০৯ সালে দুই দফায় ডিজেলের দাম ১১ টাকা কমানো হয়। সে সময় পরিবহনের ভাড়া ১১ পয়সা কমানো হয়। সে সময় থেকেই জ্বালানির মূল্য এক টাকা হ্রাস পেলে প্রতি কিলোমিটারে যাত্রী ভাড়া এক পয়সা কমানোর প্রক্রিয়া চালু হয়।
২০১১ ও ২০১৩ সালে দুই দফায় ডিজেলের মূল্য ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় দূরপাল্লার ভাড়া বৃদ্ধি করে ২৫ পয়সা। তাই ভাড়া কমানোয় এবারও ব্যয় বিশ্লেষণ বিবেচনা করা না হতে পারে। কারণ বিশ্লেষণে বিবেচিত ২২টি উপাদানের মধ্যে গত তিন বছরে জ্বালানি ছাড়া সব ব্যয়ই বেড়েছে। এতে ব্যয় বিশ্লেষণে কিলোমিটার প্রতি ভাড়া বাড়তে পারে। তাই পূর্বের পদ্ধতিতেই একটা মূল্য হ্রাসে এক পয়সা হারে ভাড়া কমানো হতে পারে।
