চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা সদর হাজীপাড়ায় গত ১৭ মার্চ দিবাগত রাত ১২টার সময় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি বসত ঘর ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৫০লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই সময় আবদুল মালেকের রান্না ঘরের চুলা থেকে সৃষ্ট আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী ফজলুল হক, বেলাল উদ্দিন, নাজিম উদ্দিন, সাইফুদ্দিন, মমতাজ মিয়া, আলতাজ মিয়া, দিদারুল আলম ও তৈয়ব আলীর সেমিপাকা বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে চন্দনাইশ ও পটিয়া উপজেলা থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এবং স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে প্রায় ৫০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছে। তারা এখন খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে।
আরও পড়ুনঃ আগৈলঝাড়ায় ইঁদুরের ফাঁদে নিহত কৃষকের লাশ উদ্ধার
চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম. বদরুদ্দোজা অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির কথা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
