চুয়াডাঙ্গায় ডাকাতদলের বোমা হামলায় গৃহকর্তাসহ আহত ৩

আপডেট : ০৩ মে ২০১৬, ১৪:৪৩
চুয়াডাঙ্গা সদর উপজেলার সীমান্তবর্তী বাঘাডাঙ্গা গ্রামে এক বাড়িতে ডাকাতদলের বোমা হামলায় গৃহকর্তা গরু ব্যবসায়ী আলমসহ তিনজন আহত হয়েছেন।
 
সোমবার দিনগত মধ্যরাতে গ্রামের মিশনপাড়ার ওই বাড়িতে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, সোমবার দিনগত রাত ১২টার দিকে ৫/৭ জনের সশস্ত্র একদল ডাকাত ওই গ্রামের মিশনপাড়ার সুন্নতের ছেলে আলমের বাড়িতে হানা দেয়। তারা ঘরের দরজা ভেঙ্গে গরু ব্যবসায়ী আলমের ঘরে ঢুকার চেষ্টা চালায়। এ সময় বাড়িতে ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন ডাকচিৎকার শুরু করলে এলাকাবাসী সাড়া দিয়ে লাঠিসোঁটা নিয়ে ওই বাড়ির দিকে ছুটে আসতে থাকে। এ সময় ডাকাতদল আলমের ঘরের জানালা এবং বাড়ির চারপাশে ৩/৪টি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমাঘাতে আলম, রনি ও থমাস রক্তাক্ত জখম হয়।
 
খবর পেয়ে দামুড়হুদা থানার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে যায়। তারা গুরুতর আহত অবস্থায় আলমকে উদ্ধার করে রাতেই চুয়াডাঙ্গা হাসপাতালে পাঠিয়ে দেয়।
 
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যের সত্যতা নিশ্চিত করে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান।