গোপালগঞ্জে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বাড়ি-ঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।
মঙ্গলবার সকাল নয়টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের ডুমদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছে, উরফি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ইকবাল গাজীর সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে পরাজিত চেয়ারম্যান মনির গাজীর সমর্থক বক্কর গাজী ও সোহেল গাজীর বাড়িতে হামলা চালায়। ওই সময় তারা ওই দুজনের বসতঘরে ভাঙচুর করে। হামলাকারীরা এ সময় একটি পিকাপ, একটি টেম্পো ও মোটরসাইকেল ভাঙচুর করে। এ ছাড়া পরাজিত চেয়ারম্যান প্রার্থী মনির গাজীর বাড়িঘর ও গাড়ি ভাঙচুর করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
