শ্রীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনের জরিমানা

আপডেট : ০৪ মে ২০১৬, ১১:০৩
 
মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজার সংলগ্ন গড়াই নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চৌগাছি গ্রামের আলমগীর শেখ(৩২) ও চন্ডিখালী গ্রামের ইলিয়াছ শাহ(৩৫) নামে দুইজনকে ৬০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুইমাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
 

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম জানান, উপজেলার চৌগাছী গ্রামের আনোয়ার শেখের পুত্র আলমগীর শেখ ও চন্ডিখালী গ্রামের ইসলাম শাহের পুত্র ইলিয়াছ শাহ প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে গোপনে গড়াই নদীর বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল। গত মঙ্গলবার বিকেলেও তারা দুইজন লাঙ্গলবাঁধ বাজার সংলগ্ন এলাকায় বালু উত্তোলন করছিল। এ সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে তাদের দুইজনকে আটকপূর্বক উভয়কে ৬০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুইমাসের কারাদণ্ড প্রদান করা হয়।