ইচ্ছা শক্তির কাছে হার মানল প্রতিবন্ধিত্ব

আপডেট : ০৫ মে ২০১৬, ০০:৫৫
শারীরিক অক্ষমতা হার মানল ঈশ্বরগঞ্জ উপজেলার আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের ছাত্র মানিক মিয়ার অদম্য ইচ্ছা শক্তির কাছে।
 
প্রতিবন্ধী হয়ে জন্ম নিয়েও লেখাপড়ার প্রতি আগ্রহের জোরে সে এবার আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজ কেন্দ্রের অধীনে ঈশ্বরগঞ্জ বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজ ভেনুতে এইচএসসি (বিএম) পরীক্ষায় অংশগ্রহণ করছে। পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার নাওভাঙ্গা গ্রামের দরিদ্র কৃষক আব্দুস ছাত্তার মিয়ার ছেলে মানিক। ২০১৩ সালে ঈশ্বরগঞ্জের কোনাপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ৪.৬৫ জিপিএ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। জন্ম প্রতিবন্ধী মানিকের দুটো হাত খর্বকায় আর উভয় হাতেই  মাত্র দুটো করে আঙ্গুল। লিখতে গেলে দুই আঙ্গুলের মাঝে কলম রেখে মুখের সাহায্যে লিখতে হয়।
 

মানিক জানান, দুই আঙ্গুল ও মুখের সাহায্যে লিখতে আগে কষ্ট হলেও এখন আর হয় না। ভবিষ্যতে সে সরকারি চাকরি প্রত্যাশা করছে। আর এজন্য মানিক সমাজ সেবা অধিদপ্তরের তালিকাভুক্ত প্রতিবন্ধী হিসাবে স্বীকৃতি চায়।