উখিয়ায় কর্মসৃজন প্রকল্প নামে আছে কাজে নেই!

আপডেট : ০৫ মে ২০১৬, ০০:৫৬
 
উখিয়ায় অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের আওতায় ৫টি ইউনিয়নে ৩৫টি প্রকল্পের সংস্কার কাজ গত ২ এপ্রিল শুরু হওয়ার কথা উপজেলা প্রশাসন জানিয়েছে। কিন্তু কথা আর কাজের কোনো মিল খুঁজে পাওয়া যায়নি মাঠ পর্যায়ে। সুনির্দিষ্ট বাস্তবায়নাধীন এলাকা ঘুরে একাধিক প্রকল্পে শ্রমিকের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। কিছু কিছু প্রকল্পে শ্রমিক দেখা গেলেও তা নিতান্তই নামমাত্র। প্রকল্প সংশ্লি­ষ্ট গ্রামবাসীর অভিযোগ কর্মসৃজনের নামে শ্রমিকের মজুরির টাকা লুটপাট হচ্ছে।
 
উপজেলার পালংখালী ইউনিয়নের ৫নং প্রকল্প হাজী আব্দুস সালামের রাস্তা এলজিইডি থেকে পূর্বদিকে আহমদ হোসেনের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ ও ছেপটখালী সিকদার পাড়া থেকে মনখালী ক্লিনিক পর্যন্ত রাস্তা সংস্কার কাজ ঘুরে ৫২ জন শ্রমিকের মধ্যে ৮জনকে কাজ করতে দেখা গেছে। জানতে চাওয়া হলে প্রকল্প সভাপতি জাহেদ মেম্বার জানান, কর্মসৃজনের বিল করতে প্রশাসনের বিভিন্ন স্তরে নগদ টাকা দিতে হয়। তাছাড়া একই ইউনিয়নের ৩নং প্রকল্পে ৭৬জন শ্রমিকের মধ্যে কাজ করছেন ৭জন। প্রকল্প সভাপতি জাকের মেম্বার মুঠোফোনে জানান, ওইদিন শ্রমিক কম ছিল। অন্য দিন  শ্রমিকের সংখ্যা ঠিকই থাকে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক গ্রামবাসী জানান, ওই প্রকল্পে ৭/৮ জনের বেশি শ্রমিক কাজ করে না। তাও আবার মাঝে মধ্যে কাজ বন্ধ থাকে।
 
হলদিয়াপালং ইউনিয়নের ৯নং প্রকল্পে ৮১জন শ্রমিক কাজ করার বাধ্যবাধকতা থাকলেও কোনো শ্রমিকের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তবে হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু জানান, ৮০ শতাংশ সংস্কার কাজসম্পন্ন করার জন্য প্রকল্প সংশ্লি­ষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। এভাবে উপজেলার ৫ ইউনিয়নের প্রতিটি প্রকল্পে অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠেছে স্থানীয় গ্রামবাসীর পক্ষ থেকে।
 
কক্সবাজার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা(ডিআরও) জানান, পিআইও’র সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈনউদ্দিন বলেন, কর্মসৃজন প্রকল্প তদারকির জন্য মাঠ পর্যায়ে টেক অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রয়েছেন।