মুন্সীগঞ্জের আউটশাহী ও রামপালে নির্বাচনী ক্যাম্প এবং আওয়ামী লীগ অফিসে আগুন দেয়া হয়েছে।
টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউপির চান্দের বাজারস্থ আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জহিরুল হক লিটন ঢালীর আনারস প্রতীকের নির্বাচনী ক্যাম্প হিসাবে পরিচালিত হচ্ছিল এটি। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলে দলীয় অফিসটির ক্ষতি ক্ষম হয়। তবে অফিসের সামনে টাঙানো বড় আকারের দু’টি আনারস প্রতীক পুড়েগেছে। সেই সঙ্গে বাজারটির পশ্চিম পাশে আওয়ামী লীগের প্রার্থী সিকান্দার ব্যাপারীর বাড়ির সামনে নৌকার তোরণও জ্বালিয়ে দেয়া হয়েছে।
এই দু’টি অগ্নিকাণ্ডের জন্য বিদ্রোহী প্রার্থী দায়ী করেছে আওয়ামী লীগ প্রার্থীকে। বুধবার মধ্য রাতের এই আগুন নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দু’পক্ষই মুখোমুখি অবস্থানে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আনারসের জহিরুল হক লিটন ঢালী দাবী করেছেন, আওয়ামী লীগ অফিস দখলে নেয়ার জন্য এই আগুন দেয়া হয়েছে।
তবে এ অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী সেকান্দার ব্যাপারী পাল্টা অভিযোগ করে দু’টি অগ্নিকাণ্ডের জন্যই আনারস প্রতীকের লিটন ঢালীকে দায়ী করেছেন।
রাত ১টায় টঙ্গীবাড়ি থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যাতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে প্রতিপক্ষকে ফাসাতে নৌকার প্রার্থীর লোকজনইএই কাজ করেছে। পুলিশ ঘটনাস্থলে তদন্তে নেমেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে সদর উপজেলার রামপালেও নির্বাচন নিয়ে উত্তেজনা বিরাজ করছে। সিপাহিপাড়ায় এক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প জ্বালিয়ে দেয়া হয়েছে। এর আগে সুখবাসপুরে নৌকা জ্বালিয়ে দেয়া হয়েছে। এই নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে ।
আওয়ামী লীগের প্রার্থী মোশারফ হোসেন মোল্লা জানিয়েছেন, শীর্ষ সন্ত্রাসী সিটি বাচ্চু ওরফে বাচ্চু শেখ চেয়ারম্যান পদে নির্বাচনের নামে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম জানিয়েছেন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
