আরামদায়ক পোশাক হিসেবে টি-শার্টের জনপ্রিয়তা সব সময়ের। বিশেষ দিবসকে কেন্দ্র করে টি-শার্টের ক্যানভাসে নানা রকম নকশা তরুণদের আকর্ষণ করছে বেশ। তারই ধারাবাহিকতায় স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে নকশা করা নতুন টি-শার্ট নিয়ে এবারের আয়োজন।
n মাহমুদুল আমিন
স্বাধীনতার মাস এখন। মনের গভীরে দেশপ্রেম ধারণ করা প্রজন্ম পোশাকেও ফুটিয়ে তুলতে চায় মনের চিন্তাধারা। এ জন্য টি-শার্টকে তারা ক্যানভাস হিসেবে বহন করতে সব থেকে স্বাচ্ছন্দ্যবোধ করে থাকে। টি-শার্টে প্রিয় দেশের পতাকা, রং, কবিতার লাইন, গানের কলি তুলে নিতে ভালোবাসে। স্বাধীনতার মাসের পোশাক হিসেবে তাই টি-শার্টের চাহিদা বাড়ছে। কৈশোরের দুরন্তপনা, তারুণ্যের উচ্ছ্বাস সবকিছুর সঙ্গেই টি-শার্টের এক মধুর সম্মিলন দৃশ্যমান। এ ধারার জনপ্রিয়তা প্রায় কয়েক যুগের। টি-শার্টে জীবনযাপনের নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন সময়। দেশের ঐতিহ্য, সংস্কৃৃতি, জাতীয় বিভিন্ন দিবস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, দেশের বীর সন্তানদের ছবি, তাদের বীরত্বগাথা, দেশের ইতিহাস, ভাস্কর্য, গুণী শিল্পীর চিত্রকর্ম স্থান পেয়েছে টি-শার্টের ক্যানভাসে। বিশেষ দিবস মানেই বিশেষ পোশাক, এ দেশে এ ধারণার প্রচলন করে দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলো। তারা দেশপ্রেমকে তুলে আনতে সক্ষম হয়েছে পোশাকে। দেশীয় কাপড়, দেশীয় নকশার মেলবন্ধনে তৈরি করেছে বিচিত্র ধরনের পোশাক। যার মাঝে টি-শার্ট অন্যতম। টি-শার্টের ক্রেতাদের মাঝে সর্বাধিক পরিমাণে ক্রয় করে থাকে তরুণ সমাজ। ছেলেমেয়ে উভয়ের জন্যই দারুণ পছন্দ এই টি-শার্ট। সকাল থেকে যাত্রাপথের ঝক্কি তারপর দীর্ঘ সময়ের ক্লাস, বন্ধুদের সঙ্গে চায়ের কাপে ঝড় তুলে আড্ডা, ক্ষণকালীন কোনো কাজ, কিংবা দল বেঁধে ঘুরতে চলে যাওয়া—এসব কিছুতেই টি-শার্ট মানিয়ে যায় বেশ। এ ধারা তাই পুরোনো হয়নি কখনো। টি-শার্ট সব সময়ের ট্রেন্ডি হলেও বিভিন্ন সময় বদল এসেছে নকশাতে। গঠনগত নকশাতে তেমন কোনো পরিবর্তন না এলেও আলঙ্কারিক দিকে বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। চলতি ফ্যাশনের সঙ্গে তাল মেলাতে তাই খোঁজ রাখতে হবে নতুন ডিজাইন সম্পর্কে। বর্তমান সময়ের ক্রেতাদের চাহিদাকে গুরুত্ব দিয়েই নকশা করা হয় টি-শার্টের। ব্র্যান্ডগুলোতে অনেক ধরনের টি-শার্ট পাওয়া যায়। এর মধ্যে বিভিন্ন ক্যারেক্টরের গ্রাফিক ও বিভিন্ন রকম গ্রাফিক ডিজাইনের টি-শার্ট খুব জনপ্রিয়তা পেয়েছে ফ্যাশন সচেতন কিশোর বয়সের ছেলেমেয়েদের কাছে। লাল আর সবুজ রঙের টি-শার্ট এ সময় বেশি পছন্দ তাদের। কিন্তু এর বাইরেও সবুজের বিভিন্ন শেড, লালের বিভিন্ন শেড, নীল, বাসন্তি, নীল ইত্যাদি রঙের টি-শার্ট ক্রেতার নজর কাড়ছে। এসব উজ্জ্বল রং ছাড়াও কিছু হালকা রং আছে, যা সব বয়স আর সবার পছন্দের শীর্ষে থাকে। যেমন ছাই, বাদামি, হালকা বেগুনি। নিট কাপড়ের টি-শার্ট আরামদায়ক। খুব বেশি ঢিলেঢালা টি-শার্ট না পরে ফিট বা সেমি ফিট টি-শার্ট বেছে নিতে পারেন। টি-শার্টগুলোতে রং আর ডিজাইনের জন্য সহজেই প্যান্ট আর জুতার সঙ্গে ম্যাচিং করা যায়। ক্যাজুয়াল লুকের জন্য টি-শার্টের সঙ্গে জিন্স খুব মানায়। আবার সেমি ফর্মাল বা ফর্মাল লুকের জন্য পোলো টি-শার্টের সঙ্গে গ্যাবার্ডিন ও সুতি প্যান্ট মানিয়ে যাবে। আর জুতা হতে পারে সেমি ফর্মাল, লোফার বা স্যান্ডেল। ব্র্যান্ড ও নন ব্র্যান্ডগুলোতে আছে বিভিন্ন ধরনের টি-শার্ট। এত বৈচিত্র্য ও ধরনের মধ্যে আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই টি-শার্টটি আপনাকেই বেছে নিতে হবে। স্বাধীনতা দিবসকে সামনে রেখে নিত্য উপহার আয়োজন করেছে শিল্পী ওয়াহিদ পলাশের ডিজাইনে কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে ‘সেই থেকে স্বাধীনতা আমাদের’ এবং শিল্পী টি এইচ তন্ময়ের ডিজাইনে ‘বাংলাদেশ ১৯৭১’ ও ‘বাংলাদেশের রিক্সা পেইন্ট’। এছাড়াও দেশ বিষয়ক নিত্য উপহারের অন্যান্য টি-শার্ট ডিজাইন ছোট ও বড়দের জন্য পাওয়া যাবে। বড়দের টি-শার্ট ৩১০ টাকা, ছোটদের টি-শার্ট ২০০ টাকা।
মডেল চঞ্চল চৌধুরী, যায়ান, আযান ও তুষার ইমরান
পোশাক নিত্য উপহার ছবি আজিম এলাহি
