বিওয়াইএলসি-র তরুণ নেতৃত্ব সম্মেলনের আবেদন প্রক্রিয়া শুরু

আপডেট : ০৫ মে ২০১৬, ১৯:১১
দেশের প্রথম নেতৃত্ব প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার (বিওয়াইএলসি) তাদের চতুর্থ আন্তর্জাতিক তরুণ নেতৃত্ব সম্মেলনের আবেদন প্রক্রিয়া শুরু করল। বৃহস্পতিবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু করা হয়েছে।
 
আগামী ১৮-২০ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হবে যেখানে ৫০০ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তরুণ উদ্যোক্তাদের পাশাপাশি ৫০ জন দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বনামধন্য বক্তাকে একত্রিত করা হবে। সামাজিক সেবায় আগ্রহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং তরুণ কর্মজীবী ব্যক্তিরা www.bylc.org/summit2016 এই ঠিকানায় গিয়ে সম্মেলনের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১০ই জুন ২০১৬।
 
সংবাদ সম্মেলনে বিওয়াইএলসি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি ইজাজ আহমেদ সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে বলেন, ‘এই সম্মেলনটি আয়োজন করা হচ্ছে যেন সমাজের ভিন্ন মতাদর্শ ও দৃষ্টিভঙ্গির মানুষদেরকে একত্রে নিয়ে এসে তাদের মধ্যে সহানুভূতি ও সার্বিক নেতৃত্বের মূল্যবোধ তাদের মাঝে প্রতিষ্ঠা করা যায়।
 
তরুণ নেতৃত্ব সম্মেলন ২০১৬’র টাইটেল স্পন্সর ইউকেএইড। সম্মেলনটির গুরুত্ব তুলে ধরে বাংলাদেশে ইউকেএইডের প্রধান পল উইটিংহাম বলেন, ইউকেএইড বাংলাদেশের তরুণ উন্নয়ন অবদান রাখার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং বিওয়াইএলসি’র এই তরুণ নেতৃত্ব বিষয়ক সম্মেলনটি তরুণদের নিজস্ব প্রতিভার প্রকাশ, নিজেদের বক্তব্য তুলে ধরা ও জ্ঞানার্জনের একটি অসাধারণ মঞ্চ। 
 
এ বছরে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডিন উইলিমাস এবং প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভি। এ বছরের সম্মেলনে অংশগ্রহণকারীরা ‘বিওয়াইএলসি ইয়ুথ লিডারশিপ প্রাইজ’ জেতার জন্য প্রতিযোগিতা করার সুযোগ পাবে যেখানে তারা উন্নয়নের জন্য বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য বিভিন্ন কার্যক্রম প্রস্তুত করবে। সেরা ১০টি কার্যক্রমের প্রতিটিকে ৮ লক্ষ টাকা করে দেয়া হবে।
 
মে ৫ তারিখ থেকে জুনের ১০ তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চালু থাকবে। চতুর্থ নেতৃত্ব বিষয়ক সম্মেলনটি ১৮-২০ আগস্ট ২০১৬ ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে।