ডিএসইতে লেনদেন বেড়েছে ১৯ শতাংশ

আপডেট : ০৫ মে ২০১৬, ২০:২৪
পুঁজিবাজারে ফের ইতিবাচক প্রবণতা ফিরে আসছে। গত কয়েক সপ্তাহ টানা দরপতনের পর চলতি সপ্তাহে কিছুটা একদিনেই একশ পয়েন্ট বাড়ে। পরে তা স্থায়ী হয়নি। পরদিনই দরপতন হয়। তবে বৃহস্পতিবার ফের ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে। এদিন ডিএসইতে সার্বিক মূল্য সূচক বেড়েছে ৪৮ পয়েন্ট। সূচক বাড়ার পাশাপাশি এদিন বাজারে লেনদেনও বেড়েছে। লেনদেন বেড়েছে ১৯ দশমিক ৩০ শতাংশ। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স মূল্যসূচক ৮৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ সমন্বয়ের সময় বাড়ানো নিয়ে বাংলাদেশ ব্যাংকের দীর্ঘসূত্রতার ফলে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আস্থাহীনতা দেখা দিয়েছিল। এজন্য বাজারে টানা দরপতন হয়েছে। এরপর বাংলাদেশ ব্যাংক ব্যাংকের বিনিয়োগ সমন্বয়ের সময় না বাড়ালেও ব্যাংকগুলোকে যেন সমন্বয়ের জন্য শেয়ার বিক্রি করতে না হয় সে ধরনের পদক্ষেপের কথা জানায়। এতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে এসেছে। এ অবস্থায় বাজারে সূচকও বাড়তে শুরু করে।
 
এদিকে বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর লেনদেন হয়েছে ৪৭৮ কোটি ১২ লাখ টাকা। বুধবার লেনদেন হয়েছিল ৪০০ কোটি ৭৭ লাখ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭৭ কোটি ৩৫ লাখ টাকা বা ১৯ দশমিক ৩০ শতাংশ। বৃহস্পতিবার ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের শেয়ার। এ  কোম্পানির ৫০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা বিএসআরএম লিমিটেডের ৩১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে এমজেএল বিডি। এদিকে বাজারে লেনদেনের আড়াই ঘণ্টার সময় চার কোম্পানির শেয়ার হল্টেড হয়ে যায়। আজিজ পাইপস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং ইউনাইটেড এয়ারের শেয়ার বিক্রেতা শূন্য হয়ে যাওয়ায় কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে যায়। আর শ্যামপুর সুগার মিলসের ক্রেতা না থাকায় হল্টেড হয়ে যায়।