পালমিরায় কনসার্ট করবেন রাশিয়ান সঙ্গীত পরিচালক

আপডেট : ০৫ মে ২০১৬, ২১:০৪
সিরিয়ার প্রত্নতাত্ত্বিক নগরী পালমিরায় কনসার্ট পরিচালনা করবেন রাশিয়ান সংগীত পরিচালক ভ্যালেরি গের্গিয়েভ। গত মার্চে প্রায় দুই হাজার বছর পুরোনো এই নগরীকে জঙ্গি সংগঠন আইএসের দখলমুক্ত করেছে সিরীয় বাহিনী।
 
পালমিরায় অবস্থিত রোমান থিয়েটারে কনসার্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে রুশ গণমাধ্যম রসিয়া ২৪। গত বছরের জুলাইয়ে আইএসের ভিডিওতে এখানে হত্যাকাণ্ড পরিচালনা করতে দেখা যায়। বৃহস্পতিবার এই কনসার্ট রাশিয়ান টেলিভিশনে প্রচার করা হবে।  
 
IMG0
 
গের্গিয়েভ সিরিয়ায় সেন্ট পিটার্সবার্গের ম্যারিনস্কাই থিয়েটারের অর্কেস্ট্রা নিয়ে গেছেন। তিনি লন্ডনের সিম্ফোনি অর্কেস্ট্রা ও মিউনিখের ফিলহারমোনিক অর্কেস্ট্রারও প্রধান পরিচালক। ২০১৪ সালে তিনি ক্রিমিয়ার রাশিয়ার সঙ্গে সংযুক্তি সমর্থন করেছিলেন। ২০০৮ সালে দক্ষিণ ওসেটিয়াতেও তিনি অর্কেস্ট্রা নিয়ে গিয়েছিলেন। সেই সময় জর্জিয়া ও রাশিয়া এই ভূমির জন্য লড়াই করছিল। বিবিসি।