বাগমারা উপজেলার সৈয়দপুর চকপাড়া গ্রামের আহমাদিয়া মুসলিম সম্প্রদায়ের (কাদিয়ানী) মসজিদে বোমা হামলায় নিহত যুবকের পরিচয় দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে রাজশাহী জেলা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ ঘোষণা দেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) নিসারুল আরিফ।
ব্রিফিংয়ে তিনি বলেন, ওই মসজিদে বোমা হামলার প্রায় ৪ মাস অতিবাহিত হয়েছে। চার মাসেও তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় পাওয়ার জন্য সিআইডি ও পুলিশসহ বিভিন্ন বাহিনী কাজ করেছে।
তিনি আরো বলেন, তার ছবি দেশের ৬৪ জেলায় পাঠানো হয়েছে। কিন্ত এখনও পর্যন্ত কোনো জেলা থেকে তার পরিচয়ের কোনো খবর আসেনি। আমরা তার পরিচয় পাওয়া জরুরী মনে করেছি। তার পরিচয় সনাক্তের জন্য বিভিন্নভাবে চেষ্টা চালানো হয়েছে। বোমা হামলার পর তার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়। তার শরীরে কোনো কিছু পাওয়া যায়নি। যেখান থেকে তার পরিচয় পাওয়া সম্ভব। তাই তার পরিচয়দাতাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে এবং তার পরিচয়দাতার পরিচয় গোপন রাখা হবে। প্রয়োজনে তাকে সকল প্রকার নিরাপত্তা দেয়া হবে।
তবে তার পরিচয় না পাওয়া গেলেও মসজিদ থেকে কিছুদুর দুরে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা দু’জনের মধ্যে একজনের ছবি সংগ্রহ করা হয়েছে। তার পরিচয় দিতে পারলেও ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। এক্ষেত্রে তারও পরিচয় গোপনের পাশাপাশি ও নিরাপত্তাও দেয়া হবে।
পুলিশ সুপার আরো জানান, বোমা হামলাকারী যুবককে যেখানে দাফন করা হয়েছে সেই কবরেও নজরদারি রাখা হয়েছে। সেখানেও কেউ তার কবর জিয়ারত করতে আসেনি। তাই পরিচয় জানার জন্যই ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
এ ঘোষণা দেওয়ার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম, সুমিত চৌধুরী, সিনিয়র এএসপি পুঠিয়া সার্কেল আসলাম উদ্দিন, সদর সার্কেল এএসপি আব্দুর রশিদ ও হেড কোয়ার্টার জাহিদুর রহমান।
