নেত্রকোনার মদনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক অটোচালক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার অটো ছিনতাই করে নিয়ে গেছে অজ্ঞান পার্টি। অটোচালক নূর উদ্দিন (২২) নেত্রকোনা জেলার মৌগাতী ইউনিয়নের আসনপুর গ্রামের মৃত হাকিম মিয়ার ছেলে।
রবিবার সন্ধ্যায় মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের খাগুরিয়ার সামনে ও সুতিয়ার পাড়ের পিছনের পাকা রাস্তা থেকে নূর উদ্দিন নামের এক অটো চালককে উদ্ধার করে হামদর্দ কোম্পানির ঔষধ সরবরাহকারী ও বিক্রেতা সেলিম মিয়া জাওলা বাজারে রেখে যায়। এরপর থেকে তার মোবাইল নম্বার ০১৭২৮-৯২৯২২৫ বন্ধ করে রাখায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এলাকাবাসী অটো চালকের অবস্থা আশঙ্কাজনক দেখে থানায় খবর দেয়। পুলিশ জাওলা বাজার থেকে তাকে উদ্ধার করে মদন হাসপাতালে ভর্তি করে। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তার জ্ঞান ফিরেনি।
আরও পড়ুনঃ চট্টগ্রামে আদালতের মালখানায় রহস্যজনক চুরি
মদন থানার ওসি মোঃ রমিজুল হক জানান, ‘মদন-কেন্দুয়া সড়কে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অটো হারান চালক নূর উদ্দিন। রবিবার রাতে স্থানীয়দের সংবাদের প্রক্ষিতে পুলিশ তাকে জাওলা বাজার থেকে এনে মদন হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি কেন্দুয়া থানা এলাকায় হলেও ইচ্ছে করলে এ বিষয়ে মদন থানায় মামলা করতে পারবে ভিকটিম।’
ইত্তেফাক/নূহু
