রংপুরে দুটি সড়কের সংস্কার কাজ উদ্বোধন

আপডেট : ০৬ মে ২০১৬, ১৮:২০
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরফুদ্দিন আহমেদ ঝন্টু বৃহস্পতিবার নগরীর দুটি সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেছেন।
 
প্রধান অতিথি হিসেবে মেয়র ঝন্টু পৃথক অনুষ্ঠানের মাধ্যমে সংস্কার কাজের উদ্বোধন করেন। সংস্কার শুরু হওয়া সড়কগুলো হলো- নগরীর ওয়ার্ড নং-৮ এর সরদার বাজার থেকে চাঁদকুঠি ঈদ গাঁ পর্যন্ত এবং ওয়ার্ড নং-২২ এর বাবু খান থেকে আরকে রোড পর্যন্ত সড়ক।
 
মিউনিসিপাল গভর্নেস সার্ভিস প্রজেক্ট (এমজিএসপি)’র আর্থিক সহযোগিতায় ৪ কোটি ৩২ লক্ষ টাকা ব্যয়ে সড়ক ও ড্রে-নেজ নির্মাণ ও সংস্কারের জন্য পাঁচটি ভাগে এ কাজটি সম্পন্ন করা হচ্ছে।
 
সড়ক সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কাউন্সিলর আবদুল মঞ্জুর কুঠিয়াল এবং শাহজালাল করিম বকুল, রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আজম আলী, সাব এসিসটেন্ট ইঞ্জিনিয়ার শিহাব-উল-হাসান, ব্যবসায়ী মোয়জ্জেম হোসেন মিঠু এবং ঠিকাদার শফিকুল ইসলাম যাদু উপস্থিত ছিলেন।
 
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র সংশ্লিষ্ট কতৃপক্ষ, প্রকৌশলী, কর্মকর্তা এবং ঠিকাদারদের সকল অবকাঠামোগত নির্মাণ কাজে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।