মেহেরপুরের গাংনী উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়নের পলাশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকায় প্রকাশ্যে সিল মারার অপরাধে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর অ্যাজেন্ট শরিফুল ইসলামকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে নিবার্হী ম্যাজিস্ট্রেট শাহিনুজ্জামান। এ সময় কেন্দ্রের প্রিজাইটিং অফিসার শরিফুলকে অ্যাজেন্টের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এদিকে ষোলটাকা ইউনিয়নে ষোলটাকা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা সমর্থকদের কেন্দ্র দখলের চেষ্টাকালে কেন্দ্রের দায়িত্বরত পুলিশ সদস্যরা শটগানের দুই রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এতে পালিয়ে যায় কেন্দ্র দখলে আসা লোকজন। এ সময় আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা আওয়ামী বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আয়ুব আলির মোটরসাইকেলটি ভাঙচুর করে গুড়িয়ে দেয়।
অপরদিকে সকালে ষোলটাকা ইউনিয়নের সোওড়াবড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী আমিনুল ইসলামের কর্মীরা আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আয়ুব আলির পক্ষের অ্যাজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা দেয়। এ সময় দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে শোলটাকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করানো হয়েছে।
মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম জানান, ঘটনার পর থেকে পুলিশ, বিজিবি ও র্যাবের অতিরিক্ত ফোর্স গোলযোগপূর্ণ কেন্দ্রগুলোতে মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
