রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউপির জুমারপাড়ার একটি আমবাগানে পীর মোহাম্মদ শহীদুল্লাহকে (৬০) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গত শুক্রবার দিনের কোনো এক সময় তাকে হত্যা করা হয়। তার বাড়ি জেলার পবা উপজেলার নওহাটা পৌর এলাকায়।
গত ২৩ এপ্রিল সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে গলাকেটে হত্যার ১৫ দিনের মধ্যে তানোরে পীরকে একই কায়দায় হত্যার ঘটনায় উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
এদিকে পীরকে গলা কেটে হত্যার ঘটনায় শনিবার তানোর থানায় নিহতের ছেলে রাসেল আহম্মেদ অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত এই হত্যায় সন্দেহভাজন কাউকে পুলিশ গ্রেফতারকরতে পারেনি।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলে পবা উপজেলার মহানন্দখালী গ্রামের পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হয়েছে।
পুলিশ সুপার (এসপি) নিশারুল আরিফ ও বাগমারা থানার ওসি আব্দুর রাজ্জাক শনিবার সকালে ঘটনাস্থল এবং নিহত পীরের বাড়ি পরিদর্শন করেছেন।
