সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন অসাম্প্রদায়িক ব্যক্তি। তিনি সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে ভাবতেন। তেমনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও দেশের সকলস্তরের মানুষকে নিয়ে ভাবতেন। রবীন্দ্রনাথের সকল দর্শন, প্রেম, অনুভূতি আমাদের মনে লালন করতে পারলে আমরাও সজ্জন মানুষে পরিণত হতে পারবো। সঠিক মানুষ হতে গেলে রবীন্দ্রনাথকে অনুসরণ করতে হবে। রবীন্দ্রনাথকে অনুসরণ করার মতো আর কোন ভালো দৃষ্টান্ত নেই। রবীন্দ্রনাথকে লালন করার আহ্বান জানান তিনি।
রবিবার দুপুরে সিরাজগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি, শাহজাদপুর আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, তাড়াশ রায়গঞ্জ আসনের সংসদ সদস্য মম আমজাদ হোসেন মিলন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ নেতা সাজ্জাদ হায়দার লিটন, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আব্দুল খালেক, ড. সুভাস সিংহ রায়, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমদ প্রমুখ।
এদিকে বিশ্বকবির জন্ম জয়ন্তি উপলক্ষে শাহজাদপুর কাছারি বাড়িতে সকাল থেকেই নামে রবীন্দ্র ভক্তদের ঢল। ৩ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে গান, কবিতা আবৃত্তি, নৃত্য, রবীন্দ্র আলোচনাসহ নানা আয়োজন। জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠান উপলক্ষে শাহজাদপুরে শুরু হয়েছে রবীন্দ্র মেলা। এর আগে রবীন্দ্র কাছারি বাড়ির মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্ম নাসিম। বিশ্বকবির জন্মজয়ন্তি উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
সোমবার দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। সকালে শিশু কিশোরদের রবীন্দ্র নাথের কবিতা আবৃত্তি ও বিকেলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দিনভর নাচ, গান, কবিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
