উত্সবমুখর পরিবেশে সারাদেশে শিক্ষা মেলা

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ২১:০৭

ইত্তেফাক ডেস্ক

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে সোমবার সারাদেশে উত্সবমুখর পরিবেশে শিক্ষা মেলা হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

ময়মনসিংহ: জেলায় দুই দিনব্যাপী শিক্ষা মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে শহরের নওমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেলা হয়। মেলার উদ্বোধন শেষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস।

ঝিনাইদহ: ঝিনাইদহে জেলা শিক্ষা অফিসের আয়োজনে সোমবার সকালে শহরের পিটিআই মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মো. আকতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিটিআই সুপার আতিয়ার রহমান, সহকারী সুপার এস এম সালাউদ্দিন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষন কুমার দাস, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুশতাক আহমদ ও হরিণাকুন্ডু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুর রহমান। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ২ দিনব্যাপী এ মেলায় জেলার ৬টি উপজেলা শিক্ষা অফিস তাদের স্টল প্রদর্শন করে।

মাদারীপুর: জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষে দিনভর শিক্ষা মেলা, সীনা প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সদরের নতুন শহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষা মেলায় সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসিরউদ্দিন আহমেদ। শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুর হোসেন সজল, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মোঃ নাসির উদ্দিন প্রমুখ।

নাগরপুর (টাঙ্গাইল): উপজেলা চত্বরে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিমা আক্তার, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন, আসাদুজ্জামান চৌধুরিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা।

কাঠালিয়া (ঝালকাঠি): কাঠালিয়া উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় প্রাথমিক শিক্ষা মেলার উদ্বোধনী, সমাপনী ও পুরস্কার বিতরণী হয় উপজেলা পরিষদ মাঠে। উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা্ নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন। বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আমিনুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মোঃ রিয়াজুল ইসলাম প্রমুখ।