চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
রবিবার রাতে কালবৈশাখী ঝড়ে চান্দিনায় ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে বাড়িঘর, বৈদ্যুতিক লাইন, স্কুলসহ মাসব্যাপী অনুষ্ঠিত বাণিজ্য মেলা।
ঝড়ে ক্ষতিগ্রস্ত উপজেলার মাইজখার ইউনিয়নের ফাঐ এএমএফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন জানান, আমাদের বিদ্যালয়ের দ্বিতীয় তলার ভবনটির উপরে টিনের চালা দেওয়া ছিল। ওই ভবনে ছয়টি টয়লেট ও একটি শ্রেণিকক্ষ ছিল। রবিবার রাতের ঝড়ো বাতাসে ভবনের টিনের চালা উল্টে মাটিতে পড়ে যায়। ভেঙে গেছে ভবনের দেয়াল।
চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলার আয়োজক রফিকুল ইসলাম জানান, মেলার অন্যতম আকর্ষণ ছিল প্রায় সাড়ে ৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত প্রধান ফটকটি। হঠাত্ ঝড়ো হাওয়ায় ভেঙে পড়েছে ওই আকর্ষণীয় ফটক। এছাড়া মেলার দোকানসহ বিনোদন সামগ্রীর ক্ষতি হয়েছে।
উপজেলার শুহিলপুর ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সরকার জানান, বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ায় আবাদ করা ভুট্টা গাছগুলো মাটিতে মিশে গেছে। এছাড়া অনেক স্থানে ছোট-বড় গাছ পড়ে গেছে।
কুমিল্লা পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, অন্যান্য উপজেলার তুলনায় চান্দিনায় অনেক বেশি ক্ষতি হয়েছে। বেশির ভাগ লাইনে গাছ পড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে। ফলে পুরো উপজেলা জুড়ে বিদ্যুত্ সংযোগ প্রায় বিচ্ছিন্ন ছিল। সোমবার সকাল থেকে লাইনে কাজ শুরু হয়েছে। সন্ধ্যার মধ্যে কাজ সম্পন্ন করা যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জাকারিয়া জানান, ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। তবে আমরা ইউনিয়ন ভিত্তিক ক্ষতির তালিকা তৈরি করছি।
