নগরবাসীর অভিযোগ শুনলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। এসময় নগরবাসীর সব সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।
রবিবার দুপুরে পোস্তগোলার ওয়াপদা রোডে ‘জনপ্রতিনিধি জনতার মুখোমুখি’ অনুষ্ঠানের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সভায় জনগণের মুখ থেকে সরাসরি অভিযোগ শোনেন মেয়র।
সভায় নগরবাসীর অভিযোগ, উচাবেড়ি এলাকায় ওয়াসার কোনো স্যুয়ারেজ বা পানির লাইন নেই। যে কারণে বহুদূর থেকে পানি নিয়ে এনে তাদের সংসার চালাতে হয়। জবাবে মেয়র বলেন, এটা দীর্ঘদিনের সমস্যা। একটু জটিল কাজ। সমাধান করতে ৪ থেকে ৫ মাস সময় লাগবে।
কুকুরের উপদ্রব বেড়েছে পোস্তগোলায়। বিশেষ করে ভোরে নামাজ পড়তে রাস্তায় বের হলে কুকুরের আক্রমণের মুখে পড়তে হয়। স্থানীয়দের এমন অভিযোগে মেয়র বলেন, কুকুর নিধনের বিষয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে। তবে বন্ধ্যা করে দেয়া বা অন্য স্থানে স্থানান্তর করা যাবে। এসময় তিনি দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে এ বিষয়ে উদ্যোগ নেয়ার নির্দেশ দেন।
স্থানীয় অভিযোগের ভিত্তিতে মেয়র সোমবার থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে জড়িতদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন।
পোস্তগোলাবাসীর অভিযোগ- করিমুল্লাবগ, জুরাইনসহ পুরো এলাকায় ওয়াসার পানিতে ময়লা ও দুর্গন্ধ। গন্ধের কারণে পানি পান করা যায় না। অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। স্থানীয়দের এমন অভিযোগ স্বীকার করে ওয়াসার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেয়রের কাছ থেকে তিন দিন সময় চেয়ে নেন। এসময় মেয়র তাকে এক মাসের সময় দেন মেয়র।
এছাড়া ওই এলাকায় একটি খেলা মাঠ, কমিউনিটি সেন্টার, ৫টি পাবলিক টয়লেট নির্মাণ, দ্রুত ড্রেন পরিষ্কারসহ আরো বেশ কিছু ওয়াদা দিয়েছেন মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, ৩০০টি রাস্তা মেরামত করেছি। নির্বাচিত হওয়ার পর ঢাকাকে পরিবর্তনের চেষ্টা করছি। এলইডি স্ট্রিট লাইট লাগানো হচ্ছে।
মেয়র বলেন, ঢাকা শহরে বর্জ্য ফেলার জন্য আমরা বিনের ব্যবস্থা করেছি। ২০১৬ সালের মধ্যে ময়লা ও অবর্জনামুক্ত শহর পাবেন। ১৭ সালের মধ্যে বাসযোগ্য শহর উপহার দেব। অনুষ্ঠানের শুরুতে মেয়রকে সোনার ইলিশ উপহার দেন করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. মাসুদ। এসময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিল্লাল।
