দেলদুয়ার ইউএনও অফিস ও থানায় হামলা-ভাঙচুর, আটক ১

আপডেট : ০৯ মে ২০১৬, ১২:৩২
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত এক প্রার্থীর কর্মী-সমর্থকরা উপজেলা পরিষদের অফিস ও থানায় হামলা চালিয়েছে।
 
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার আতিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদকে আটক করা হয়েছে।
 
অভিযোগ পাওয়া গেছে, আওয়ামী লীগের প্রার্থী মাসুদ তালুকদার পরাজিত হয়ে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাত হোসেনকে এ হামলা করার জন্য ইন্দন জোগান। পরে সাজ্জাদের নির্দেশে তার কর্মী-সমর্থকরা এ হামলা চালায়।
 
হামলাকারীরা উপজেলা প্রকল্প কর্মকর্তা এএইচএম আবদুর রউফের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এ সময় তারা চারটি মোটরসাইকেল ভাঙচুর করে। উপজেলা প্রশাসনের একটি বিলবোর্ডও ভাঙচুর করা হয়। থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় ৩০ থেকে ৪০ জন আহত হয়েছেন। এদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
 
এরপর হামলাকারীরা দেলদুয়ার থানায় প্রবেশ কর থানার নিচে পার্ক করে রাখা একটি মোটরসাইকেলে আগুন দেয়। এ সময় ওই থানার ভারপ্র্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ওসমান গনি বাধা দিলে তাকে ইট পাটকেল ছুড়ে আঘাত করা হয়। পরে পুলিশ ওই প্রার্থী আটক করে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহদাত হোসেন কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।