উত্তরায় বিআরটিএ কার্যালয় থেকে টাকার বান্ডিলসহ বিআরটিএ এর একজন ভুয়া উপপরিচালকে (ডিডি)আটক করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ডিডি পরিচয়দানকারী ওই যুবকের নাম লিটন।
ফেসবুক ও টেলিফোনে সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বুধবার সকাল ১০টায় মন্ত্রী ওবায়দুল কাদের হুট করে উত্তরা ১২ সেক্টরে অবস্থিত বিআরটিএ এর আঞ্চলিক অফিসে অভিযান চালান।
এসময় ড্রাইভিং লাইসেন্স নিতে আসা সাধারণ মানুষদের কাছ থেকে তিনি অভিযোগ শোনেন। সাধারণ মানুষ জানায়, লিটন নিজের পরিচয় দিতেন বিআরটিএ এর ‘ডিডি’ হিসেবে। এ অভিযোগ বিআরটিএ কার্যালয়ে দেয়া হলেও তাকে আটক করতে পারছিলেন না ম্যাজিস্ট্রেটরা। অবশেষে মন্ত্রী নিজেই গিয়ে তাকে আটক করেন।
এসময় তার পকেট থেকে এক হাজার ও পাঁচশো টাকার দুই বান্ডিল নোট জব্দ করা হয়। পরে ম্যাজিস্ট্রেট তাকে জিজ্ঞাসাবাদ করে বিআরটিএ এর আরও দালাল চক্রের সন্ধান পান। তার তথ্যের ভিত্তিতে দালালদের আটক করা হবে বলে প্রতিশ্রুতি দেয়া হয়।
লিটনকে আটক করার পর মন্ত্রী তিনতলা বিআরটিএ অফিসের তলায় তলায় গিয়ে কর্মকর্তাদের ফাইল চেক করেন। সে সময় সিরিয়াল ছাড়া এক কর্মকর্তা চালকদের লাইসেন্স পরীক্ষার ফিঙ্গার প্রিন্ট নিতে দেখে তার কাছে কারণ জানতে চান। এছাড়া আরও এক নারী কর্মকর্তার বিরুদ্ধে দালালদের সহযোগী হিসেবে কাজ করার অভিযোগ পান। পরে মন্ত্রী সবার সামনেই তাদের ভর্ৎসনা করেন।
