বাগমারায় সংঘর্ষে আহত আরো একজনের মৃত্যু

আপডেট : ১২ মে ২০১৬, ১১:০৬
রাজশাহীর বাগমারা উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপ ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত আরো একজনের মৃত্যু হয়েছে। নিহত মোনতাজ আলী (৪৫) উপজেলার সারন্দি গ্রামের মৃত সাবের আলীর ছেলে। এ ঘটনায় চারজনের মৃত্যু হলো।
 
বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
 
উল্লেখ্য, ৭ মে বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা ছিল। এর দুইদিন আগে নির্বাচন কমিশন উপজেলার সব ইউনিয়নের নির্বাচন স্থগিত করে। তারপরও ওই দিন এলাকায় মিছিল বের করে আউচপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সরদার জান মোহাম্মদ ও বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম শহীদের কর্মী-সমর্থকরা। এক পর্যায়ে হাটগাঙ্গোপাড়া বাজারে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুলিশও এ সময় হামলার শিকার হন। এক পর্যায়ে ত্রিমুখী সংঘর্ষ বাধে।