আয়কর রিটার্ন দাখিলের শর্তে গ্রামীণ ব্যাংককে ২০২০ সাল পর্যন্ত কর অব্যাহতি দিয়েছে সরকার। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমানের স্বাক্ষরে গত ৪ মে পাঁচ বছরের জন্য এই কর অব্যাহতির আদেশ জারি করা হয়।
এতে আয়কর অধ্যাদেশের বিভিন্ন ধারা তুলে ধরে বলা হয়, ‘সরকার গ্রামীণ ব্যাংকের ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদের আয়ের উপর আরোপণীয় কর প্রদান হইতে নিরীক্ষা বিবরণীসহ আয়কর রিটার্ন দাখিল করার শর্তে অব্যাহতি প্রদান করল।’ এনবিআরের এই আদেশ গত ১ জানুয়ারি থেকে কার্যকর ধরা হয়েছে।
১৯৮৩ সালে সামরিক অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠার পর থেকে সব সময়ই গ্রামীণ ব্যাংক সব ধরনের কর অব্যাহতি সুবিধা পেয়ে আসছে। এই সুযোগ প্রতিষ্ঠানটি পেয়েছে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের ৩৩ ধারার আওতায়। ২০১৩ সালে অধ্যাদেশকে আইনে পরিণত করা হলেও ওই ধারা অব্যাহত রয়েছে।
