চারদিনের ফুড অ্যান্ড এগ্রো এক্সপো শুরু ২৭ মার্চ

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ২১:৪৪

ইত্তেফাক রিপোর্ট

আগামী ২৭ মার্চ রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হচ্ছে ‘৪র্থ ফুড অ্যান্ড এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৯। সেমস্ গ্লোবাল ও বি.এস.এ.এফ.ই ফাউন্ডেশন আয়োজিত চারদিনব্যাপী এই এক্সপোতে বাংলাদেশ, ভারত, চীন, থাইল্যান্ড, মালেশিয়া, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, ইতালি ও জাপানের কৃষিজাত উদ্ভাবনী পণ্য ও সেবা, যন্ত্রাংশ, ক্যামিক্যাল, প্যাকেজিং ও প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন বিষয় প্রদর্শন করা হবে।

গতকাল সোমবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)’র মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এ তথ্য জানান। এই প্রদর্শনীর পাশাপাশি ‘৪র্থ পোল্ট্রি অ্যান্ড লাইভ স্টক বাংলাদেশ ইন্ট্যারন্যাশনাল এক্সপো-২০১৯’, ‘৪র্থ এগ্রো ক্যামিক্যাল বাংলাদেশ এক্সপো-২০১৯’ এবং ‘ইন্টারন্যাশনাল প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং এক্সপো-২০১৯’ অনুষ্ঠিত হবে। প্রদর্শনীতে খাদ্য, পাণীয়, কৃষি ও বনজ পণ্য, বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, পোল্ট্রি পণ্যসামগ্রী, লাইভস্টক, মত্স্য ও কৃষিপণ্যসহ অন্যান্য প্রয়োজনীয় সেবা প্রদর্শন করা হবে। প্রদর্শনীটি এগ্রো শিল্পের উন্নয়ন ও নিত্য নতুন প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এবং বাজার বৃদ্ধির জন্য একটি চমত্কার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আয়োজকরা জানিয়েছেন।

চারদিনব্যাপী এই এক্সপোতে বিভিন্ন পণ্য প্রদর্শনের পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। প্রদর্শনীগুলো প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।