ইইউকে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান

আপডেট : ১২ মে ২০১৬, ১৯:২৭
 
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘ইউরোপিয়ন ইউনিয়ন বাংলাদেশের বড় বাণিজ্যিক অংশিদার। বাংলাদেশের মোট বার্ষিক রফতানির প্রায় ৫৫ ভাগ রফতানি হয় ইউরোপিয়ান ইউনিয়নে। ইউরোপিয়ান ইউনিয়নের ২৮টি দেশে গত ২০১৪-২০১৫ অর্থ বছরে বাংলাদেশ ১৭০৩৫.৭৭৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি করেছে, একই সময়ে বাংলাদেশ আমদানি করেছে ২৪৫০.৩৭ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। বাণিজ্যিক সহযোগিতার জন্য বাংলাদেশ উইরোপিয়ান ইউনিয়নের কাছে কৃতজ্ঞ। বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী।’
 
মন্ত্রী বলেন, বাংলাদেশ দেশব্যাপী ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে। ইতোমধ্যে ১০টি এসইজেড প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন। বাংলাদেশ বিনিয়োগ ও ব্যবসার জন্য এখন উপযোগী স্থান। ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের স্পেশাল ইকনমিক জোনে বিনিয়োগ করলে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে। বাংলাদেশে এখন বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশে বিনিয়োগের জন্য বিভিন্ন দেশ এগিয়ে আসতে শুরু করেছে।
 
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইইউ-এর সঙ্গে বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি এবং বাণিজ্য সংক্রান্ত সমস্যা সমাধানের উদ্দেশ্যে গঠিত বাংলাদেশ-ইউরোপিয়ান ইউনিয়ন(ইইউ) বিজনেস কাউন্সিল-এর প্রথম “বিজনেস ক্লাইমেট ডায়ালগ”- এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।  
 

বাণিজ্যমন্ত্রী বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন আকর্ষণীয়। বাংলাদেশে বিনিয়োগ করলে ইউরোপের বিনিয়োগকারীরা লাভবান হবেন। বাংলাদেশ সরকার এখন বিনিয়োগকারীদের বিশেষ সুবিধা দিচ্ছে। সরকার যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন, বিদ্যুত্ সরবরাহ, অবকাঠামো নির্মাণসহ বিনিয়োগের সাথে সংশ্লিষ্ট সকল কাজ গুরুত্বের সাথে করে যাচ্ছে। বিনিয়োগের জন্য সেবার মান উন্নত করা হয়েছে, বাংলাদেশ সরকারের সেবা প্রদান প্রতিষ্ঠানগুলো একযোগে কাজ করে যাচ্ছে। ইউরোপের দেশগুলোর বেসরকারি বিনিয়োগকারীরা এ সুযোগ গ্রহণ করতে পারেন। বিনিয়োগ সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার।